সিঁদুর খেলার অনুষ্ঠানে অসুস্থ হয়ে নববধূর মৃত্যু

সিঁদুর খেলার অনুষ্ঠানে অসুস্থ হয়ে নববধূর মৃত্যু


সিঁদুর খেলার অনুষ্ঠানে অসুস্থ হয়ে নববধূর মৃত্যু

জালালপুর নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীর সিঁদুর খেলার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন তন্নি দে (২০) নামে এক নববধূ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।

তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর এবারই প্রথম বাবার বাড়িতে দুর্গাপূজা উদ্‌যাপন করতে এসেছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। অনুষ্ঠান চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। উপস্থিত স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

তন্নির আকস্মিক মৃত্যুতে বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। মেয়েকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন তাঁর বাবা মহাদেব দে ও পরিবারের অন্য সদস্যরা।

তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তাঁর মৃত্যুর খবর জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জালালপুর নিউজ ২৪
সত্যের পথে, মানুষের পাশে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ